বিচার বিভাগ স্বাধীন না হলে অপরাধ দমন করা যাবে না


১৪ অক্টোবর ২০২৬ ২২:১৪

॥ একেএম রফিকুন্নবী ॥
বিচার বিভাগ স্বাধীন করার জন্য ৩৬ জুলাই বিপ্লবের পর বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়েছিল এবং কমিশন জনবল নিশেয় কাজও শুরু করেছিল। কিন্তু ৩৬ জুলাই বিপ্লবের ফসল এবং নির্বাচনের নামে এই সরকারকে বসানো হয়েছে, যার রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান। এ সরকারের ৭ মাস অতিবাহতি হলো। কোনো বিভাগেই কাজে গতি ফিরে আসেনি। বিশেষ করে আইনশৃঙ্খলার অবনতি— গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত আইনশৃঙ্খলার অবনতি চোখে পড়ার মতো। হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পত্রপত্রিকা খুললেই বিচার বিভাগের মান ও আইনের ফাঁকে অপরাধীরা ছাড়া পেয়ে আবার আগের পেশায় জড়িয়ে পড়ছে যা দেশের জন্য অশনিসংকেত।
এ সরকার ৩৬ জুলাইয়ের ফসল। ৩৬ জুলাই না হলে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশেই আসতে পারতেন না— প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া তো দূরের থাক।
দীর্ঘদিন আলাপ-আলোচনা করে জুলাই সনদ ও গণভোটের দিনক্ষণ ঠিক করা হয়। সরকারি দলের প্রস্তাবেই দুই ভোট একইদিনে করা হয়। জামায়াতের দাবি ছিল গণভোট আগে করার। কারণ নেতাদের নীতি-নৈতিকতা আমাদের জানা ছিল। সুযোগ পেলেই তারা জনগণের সাথে প্রতারণা, ধোঁকা দেওয়া মোটেই কোনো কঠিন কাজ মনে করে না।
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রকাশ্যে প্রতারণার কথা বলেছেন যে, দ্রুত সংসদ নির্বাচনের জন্যই তারা জুলাই সনদে সই-স্বাক্ষর করেছিলেন। এটা প্রকাশ্য জনগণের সাথে প্রতারণার শামিল। জানি না, কোন কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন কথায় প্রধানমন্ত্রীর মনে প্রশ্ন জাগে না কেন?
বিচার বিভাগ সংস্কার কমিশন বাতিল করার কারণে যোগ্যতা, অভিজ্ঞতা ছাড়াই বিচারপতি নিয়োগ হচ্ছে। যোগ্যতার বালাই নেই নিয়োগ ও প্রমোশনে। দলীয় সরকার এমনভাবে সব জায়গা দখল করেছে যে, থানা-পুলিশ কাউকে গ্রেফতার করলেও ওপরের টেলিফোনে তাকে থানা থেকেই ছেড়ে দিতে বাধ্য হয়। কয়েকদিন পূর্বে চট্টগ্রামের মেয়র এমন একজনকে থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন।
বিচার বিভাগ স্বাধীন হলে তাদের চাকরির ব্যাপারে সরকারের ওপর নির্ভর করতে হয় না। ফলে স্বাধীনভাবে তারা রায় দিতে পারেন। যেমন ফ্যাসিস্ট হাসিনার সময় জামায়াতে ইসলামীর ৫ জন বড় নেতাকে ফাঁসি দেয়া হয় অন্যায়ভাবে ফরমায়েশি রায়ে। তাদের মধ্যে জামায়াতের সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামী ও সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ জোট সরকারের সময় ৩টি মন্ত্রণালয় চালিয়েছিলেন দুর্নীতিমুক্তভাবে। তারপরও তাদের অন্যায়ভাবে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। একই মামলায় এটিএম আজহারুল ইসলামকেও ফাঁসির আদেশ দেয়া হয়। রিভিওতে সময় লাগার কারণে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়। দেশ থেকে পালাতে বাধ্য হয়। সেই মামলায় পরবর্তী সময়ে দেশের সর্বোচ্চ আদালত এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেন এবং আদালতের সব বিচারপতিই একমত হয়ে তাকে খালাস দেন এবং মন্তব্য করেন যে, বিচার বিভাগের মান রক্ষা করে এ রায় আগের কোর্টে দেয়া হয়নি। এটিএম আজহারুল ইসলাম রংপুর এলাকা থেকে অধিকসংখ্যক ভোট পেয়ে বর্তমানে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের ও দেশসেবার সুযোগ পেয়েছেন। সবই মহান আল্লাহর ইচ্ছা ও কেরামতি।
বিচার বিভাগ বিচার করলেও দেখা যায়, নিম্ন আদালত থেকে আসামি জামিন পেয়ে আবার তারা পূর্বের চাঁদাবাজি ও দখলবাজিতে জড়িয়ে পড়ছে। স্বরাষ্ট্রমন্ত্রী মব কালচারের বিরোধী কথা বললেও মব করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাপত্রে স্বাক্ষর করালো দলীয় লোকজন। বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগ করানো সহজ কথা নয়। ঢাকায় মব করে সরকারের একজন মহিলা সংসদ সদস্যের নেতৃত্বে একটি মা ও শিশু হাসপাতাল বন্ধই করে দেয়নি; প্রতিষ্ঠানটি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। তার সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছে। কিন্তু তাকে আইনের আওতায় আনা হয়নি। এসব কীসের আলামত। দীর্ঘ ১৭ বছর পর নির্বাচিত সরকার যেভাবেই ক্ষমতায় আসুক না কেন, জনগণ তাদের কাছে অনেক আশা নিয়ে তাকিয়ে ছিল। শহীদ জিয়া ও বেগম জিয়ার ছেলে ১৭ বছর নির্বাসিত থেকে ৩৬ জুলাই বিপ্লবের ফলে দেশে এসে প্রধানমন্ত্রী হয়েছেন। তাই জনগণের আশায় একটু বেশিই হতে পারে।
কিন্তু সালাহউদ্দিনদের দ্বারা ঘেরাও হয়ে শহীদ জিয়া ও খালেদা জিয়ার সাথীদের বাদ দিয়ে অনভিজ্ঞ লোকদের দ্বারা পরিচালিত হয়ে সরকার সামনে দিকে এগোতে পারছে না। অন্যদিকে ফ্যাসিস্ট হাসিনার দোসররা সরকারের বিভিন্ন বিভাগে আগের মতোই বহাল থেকে সরকারকে ব্যর্থ করে দেয়ার ব্যবস্থা করছে।
সরকারের ভাগ্য ভালো আগের মতো শুধু বিরোধিতার খাতিরে বিরোধীদল না পেয়ে সংযত দেশদরদি বিরোধীদল পাওয়ায় সরকারের ভালো কাজের প্রশংসা করছে আর মন্দ কাজের ভুল ধরিয়ে দিচ্ছে সংসদে এবং জনতার কাতারে।
সরকারের উচিত বহু আকাঙ্ক্ষিত জুলাই সনদ ও গণভোটের রায় মেনে নিয়ে সরকার ও বিরোধীদল জাতীয় ঐক্যের মাধ্যমে ৫টি বছর দেশ চালাতে পারলে দেশের মানুষের ভালো হতো। সরকারি দল যতই বলুক চাঁদাবাজদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই বা প্রায় দশ হাজার কর্মী-নেতাকে বহিষ্কার করলেও গ্রাম থেকে শহর কোথাও চাঁদাবাজি, দখলবাজি কমেনি। বরং আগের চেয়ে অনেক ক্ষেত্রে বেড়েছে। জনগণ কিন্তু মোটেই ভালোভাবে দেখছে না সরকারের কার্যকলাপ।
বিচার বিভাগ স্বাধীন হলেই কেবল দেশের আইনশৃঙ্খলার অবনতির অবসান হতে পারে। যেহেতু পুলিশ বিভাগ আগের ফ্যাসিস্ট হাসিনার লোকেরই বেশিরভাগ রয়ে গেছে তাই সরকার চেষ্টা করলেও তাদের কথা ও কাজ বাস্তবায়ন করতে পারছে না। আমরা আবার বলতে চাই— বিচার বিভাগ সংস্কার কমিশন, মানবাধিকার কমিশনসহ পূর্বের সব কমিশন বাস্তবায়ন করে জুলাই সনদ ও ৭০% জনগণের ভোটে পাস হওয়া গণভোটের রায় বাস্তবায়ন করেই দেশ চালানোর ব্যবস্থা একমাত্র সহজ পথ।
বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া দেশের কোনো বিচারকই স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। সরকার দলের প্রধান মাঝেমধ্যেই চাঁদাবাজদের ব্যাপারে হুঙ্কার দেন বা বলেন, চাঁদাবাজ ও দখলবাজদের বিএনপিতে স্থান নেই। কিন্তু কার্যতালিকায় প্রতিদিন বিশ্ববিদ্যালয় দখল, ভিসিকে পদত্যাগ করানো, শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি দল ও বিরোধীদলের মুখোমুখি অবস্থানে দেশের সার্বিক অবস্থার উন্নতি সম্ভব নয়। দল-মত নির্বিশেষে দোষীদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে পারলে এবং বিচার কার্যকর করতে পারলে দেশে শান্তি-শৃৃঙ্খলার উন্নতি হতে পারতো।
দীর্ঘদিন পর জনগণ আশা করেছিল, বিএনপি আগেও ক্ষমতায় ছিল তাদের ভুলত্রুটি শুধরিয়ে নতুনভাবে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে মনোযোগী হবে। কিন্তু না, গত ৭ মাসে শহর-বন্দর-গ্রামে কোথাও মানুষ শান্তিতে নেই। বাজারে চাঁদাবাজি, স্কুল-কলেজে মারামারি, দলীয় ব্যানারে চর দখলের মতো শিক্ষাপ্রতিষ্ঠান দখল নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মনে হয়, তাদের কোনো অভিভাবক নেই বা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা কার্যকরী নেই।
জ্বালানি তেলের দাম বাড়ানোর সাথে সাথে ঘাটতির কোনো বালাই নেই। ১৮ কোটি মানুষের দেশে নীতি-নৈতিকতার প্রভাব না থাকলে দেশের বিচার ব্যবস্থার উন্নয়ন হবে না বা আইনশৃঙ্খলার উন্নতি হবে না। প্রায় প্রতিদিনই থানা-পুলিশ তাদের এলাকার মাস্তান, চাঁদাবাজদের গ্রেফতার করছে, আইন-আদালতে পাঠাচ্ছে, সেখান থেকে জামিন পেয়েই আবার নতুন উদ্যমে তাদের পূর্বের কাজ চালিয়ে যাচ্ছে। হতভাগা সাধারণ জনতা পূর্বের মতোই ভুগে ভুগে মরছে। আমরা এর প্রতিকার চাই, অতি দ্রুত কার্যকর ভূমিকা চাই সরকারি ও বিরোধীদলের নেতাদের কাছ থেকে।
সরকারি দল খুবই খারাপ কাজ করছে, নির্বাচিত প্রতিনিধির স্থলে প্রশাসক নিয়োগ দিয়ে জনগণের ভাগ্যের পরিবর্তন তো দূরে থাক, দলীয় চ্যালা-চামুণ্ডার হাতেই সব কাজ বিতরণ হচ্ছে। টেন্ডারবাজি ক্রমেই বেড়েই চলছে। দলীয় লোক ছাড়া কোনো জেলায় সার বা অন্য কোনো লাইসেন্স পাচ্ছে না। তাহলে সরকারি দলের লোকদের নির্বাচনের আগের ওয়াদা— নির্বাচন হলেই সব সমাধান হয়ে যাবে, তা কথায়ই রয়ে গেছে।
আমরা চাই— কথায় নয়, কাজে আসুন নিজেরা আগে চাঁদাবাজির ভাগ পরিত্যাগ করি এবং চাঁদাবাজ, দখলবাজদের কোনো তদবির না করি। থানা-পুলিশ ও বিচারকদের স্বাধীনভাবে কাজ করতে দিই— দেখবেন দেশের অবস্থা দ্রুত পরিবর্তন হয়ে যাবে। আমাদের দেশের সাধারণ মানুষ শিক্ষিত বা অশিক্ষিত হোক, তারা কিন্তু অত্যন্ত ভালো। কিন্তু শিক্ষিত লোকেরা দলের ছায়ায় দুর্নীতিতে অভ্যস্ত হয়ে উঠছে।
দেশের অর্থনীতির চাবিকাঠি হলো ব্যাংক খাত। সেখানে দুর্নীতি, ঋণখেলাপিতে দেশের ৬ লাখ কোটি টাকা ব্যাংকের হাতছাড়া। বেশিরভাগ টাকাই ফ্যাসিস্ট হাসিনার দোসররা বিদেশে পাচার করেছে। টাকা ফিরিয়ে আনার তেমন কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। আইন-আদালতও সঠিকভাবে তাদের ধরতে পারছে না। এর প্রতিকার হতেই হবে। জনগণ আর সইতে পারছে না। পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই। এগোতেই হবে সবাই মিলে। দেশ আমাদের, গড়তে হবে আমাদেরই।
লেখক : সাবেক সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ই-মেইল : rnabi1954@gmail.com