জুলাই সনদ ছাড়া নির্বাচন হলে ব্যর্থতার পুনরাবৃত্তি হবে-ডা. তাহের
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৮
কুমিল্লা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আগামী নির্বাচনও অতীতের ব্যর্থ নির্বাচনগুলোরই পুনরাবৃত্তি ঘটবে। আর জুলাই সনদ যারা মানবে না, এ আন্দোলনের স্টেকের ব্যাপারে তারা বিশ্বাসঘাতকতা করবে। পিআর নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই জামায়াতে ইসলামীর।
তিনি গত ৬ সেপ্টেম্বর শনিবার সকালে স্থানীয় এক মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলা মুন্সিরহাট ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, উপজেলা আমীর মাহফুজুর রহমান, সাবেক উপজেলা আমীর ভিপি সাহাব উদ্দিন, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক অধ্যাপক ডা. মো. সফিকুর রহমান পাটোয়ারী, জামায়াত নেতা নুরে আলম মিয়াজি, হাফেজ বদিউল আলম, শাখাওয়াত হোসেন শামিম, ছাত্রনেতা মোশাররফ হোসেন, মোজাম্মেল হোসেন, নাসিম মিয়াজি প্রমুখ।