দুনিয়ার কোনো শক্তিকে ভয় করি না : মুয়াযযম হোসেন হেলাল


১৪ আগস্ট ২০২৫ ১৬:৩৫

পিরোজপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল বলেছেন, সংসদে আইন পাস করার জন্য ১৫১টি আসন লাগবে। সংবিধান সংশোধন করার জন্য ২০১টি আসন লাগবে। বাংলাদেশে ইসলামের পতকা উড্ডিন করার জন্য জনগণ প্রস্তুত হয়ে আছে, সেই পথ দেখানোর জন্য আমরা যাতে সারা দেশের জনগণকে বলতে পারিÑ দেখ পিরোজপুরে কীভাবে কাজ হচ্ছে! তোমরাও এগিয়ে আসো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনের সেন্টার কমিটি প্রতিনিধি সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গত ৯ আগস্ট শনিবার বিকালে শহরের সাঈদী ফাউন্ডেশনের তাফহিমুল কুরআন আলিয়া মাদরাসা সভা কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, আমরা ভয় করি শুধু আল্লাহকে, দুনিয়ার কোনো শক্তিকে ভয় করি না। পুরুষদের শক্তির মতোই আমাদের বোনদেরও সমান শক্তি আছে, সে শক্তি হলো ভোটের শক্তি। ভোটের ময়দানে দুষ্টচক্র ভয়ভীতি দেখাতে পারে, তাদেরকে মোকাবেলা করতে হবে। যেমনিভাবে জিহাদের ময়দানে ভূমিকা পালন করছেন হজরত খাদিজা, হজরত আয়েশা ও হজরত সুমাইয়া (রা.)। রোদ বৃষ্টি, ঝড় ও রক্তচক্ষু উপেক্ষা করে ভোট কেন্দ্রে আসতে হবে। মাঝে মধ্যে দু’একটা শব্দ আসতে পারে, সেগুলো সাহসিকতার সাথে মোকাবিলা করতে হবে।
তিনি নির্বাচনী সেন্টার কমিটিকে উদ্দেশ করে বলেন, এখন থেকে নির্বাচনই একমাত্র কাজ। সকল মানুষকে দাঁড়িপাল্লা মার্কার দিকে নিয়ে আসতে হবে। এভাবে কেন্দ্র নিয়ন্ত্রণ করতে হবে। আগামীতে পিরোজপুরে জনসভা অনুষ্ঠিত হবে, সেই সভায় আমীরে জামায়ত ডা. শফিকুর রহমান অংশগ্রহণ করবেন।
প্রধান অতিথি বলেন, আল্লামা সাঈদী ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে পরীক্ষিত জাতীয় সংসদ সদস্য ছিলেন। ২০০৮ সালে তার নির্বাচন ছিনিয়ে নেয়া হয়েছিল। সত্য ও ঈমানের ওপর বলীয়ান থাকার কারণে ১৩ বছর কারারুদ্ধ করে রাখা হয়েছিল। তাকে অনেক ধরনের প্রস্তাব দেয়া হয়েছিল। আল্লাহর সেই বান্দা প্রমাণ করেছিল যে, মুমিনের মাথা একমাত্র আল্লাহর কাছে নত হয়। মৃত্যুকে সে ভয় করে না। কারাগারে মৃত্যুকে তিনি তিলে তিলে আলিঙ্গন করেছিলেন। সেই আল্লামা সাঈদীর আসনে শুধু বিজয় কেন? সারা দেশের মধ্যে যতগুলো আসন আছে, সকল আসনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে এটা চ্যাম্পিয়ন হবে, ইনশাআল্লাহ।
সম্মেলনে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জিয়ানগর উপজেলা সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী, নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমীর ইসহাক আলী খান, ছাত্রশিবিরের জেলা সভাপতি কে এম ইমরান খান প্রমুখ।
সম্মেলনে ইন্দুরকানী উপজেলা ও পিরোজপুর সদর উপজেলার সেন্টার কমিটিগুলোর সভাপতি-সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।