১২ ফেব্রুয়ারির নির্বাচন কি হবে গণতন্ত্রের উৎসব, নাকি নীরব ইঞ্জিনিয়ারিংয়ের আরেক অধ্যায়

ব্যালটের আগে ‘ব্লুপ্রিন্ট’


৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৬

॥ ফারাহ মাসুম ॥
প্রার্থী বাছাই থেকে ফল ঘোষণা; কোথায় কোথায় ঘটে অদৃশ্য কারসাজি, কীভাবে রক্ষা পাবে ভোটাধিকার- এ বিষয়টি নির্বাচনের দেড় সপ্তাহ আগেও আলোচনার বিষয় হয়ে আছে। ব্যালটে জনরায়ের আগেই ব্লুপ্রিন্টের নানা আয়োজনের কথা শোনা যাচ্ছে। বলা হচ্ছে, বাংলাদেশের নির্বাচন এখন আর কেবল ভোটের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টার গল্প নয়। এটি এক দীর্ঘ প্রক্রিয়া- মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত; যেখানে প্রতিটি ধাপে রাজনীতি, প্রশাসন, প্রযুক্তি ও জনমতের সূক্ষ্ম হিসাব কাজ করে চলেছে।
এ দীর্ঘ প্রক্রিয়ার ভেতরেই জন্ম নিয়েছে একটি বহুল ব্যবহৃত শব্দ- ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’। শব্দটি শুনতে নিরীহ; যেন কোনো প্রযুক্তিগত নকশা বা পরিকল্পনা। কিন্তু বাস্তবে এটি এমন এক রাজনৈতিক কৌশল, যেখানে সরাসরি ভোট চুরি না করেও এমনভাবে পরিবেশ, প্রতিদ্বন্দ্বিতা, প্রশাসন ও তথ্যপ্রবাহ সাজানো হয়- যাতে ফলাফল অনেকটাই আগে-ভাগে নির্ধারিত হয়ে যায়।
১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে তাই প্রশ্নটা সরল হলেও গভীর : এটি কি হবে অবাধ প্রতিদ্বন্দ্বিতার গণতান্ত্রিক উৎসব, নাকি ‘নীরব কারসাজির’ পরীক্ষাগার? বিশ্লেষকরা বলছেন, এখন আর প্রকাশ্যে কেন্দ্র দখল বা ব্যালট বাক্স ছিনতাই প্রধান কৌশল নয়। বরং কম দৃশ্যমান, বেশি কার্যকর, কাঠামোগত ইঞ্জিনিয়ারিং- যা চোখে কম পড়ে, কিন্তু ফলাফলে বড় প্রভাব ফেলে, সেটিই বেশি ব্যবহৃত হয়।
ইঞ্জিনিয়ারিং বলতে ঠিক কী?
সহজভাবে বললে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলো নির্বাচনী প্রতিযোগিতাকে এমনভাবে ডিজাইন করা; যাতে নির্দিষ্ট পক্ষ কাঠামোগত সুবিধা পায়। এটি সবসময় অবৈধ জালিয়াতি নয়; অনেক সময় আইনসিদ্ধ ব্যবস্থার মধ্যেই পক্ষপাত তৈরি করা হয়। যেমন: কারা প্রার্থী হতে পারবে; কারা প্রচার করতে পারবে; কারা কেন্দ্রে ঢুকতে পারবে; কোন খবর ছড়াবে; ফল কবে ঘোষণা হবে- এই প্রতিটি সিদ্ধান্তই ফলকে প্রভাবিত করে।
একজন সাবেক নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটের দিনই যদি সব ঠিক থাকে, তবুও আগে থেকে যদি খেলা সাজানো থাকে, তাহলে ফল বদলায় না।’
প্রথম ধাপ : প্রার্থিতা- মাঠ ফাঁকা করার নীরব কৌশল: ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে কার্যকর স্তর হলো ভোটের আগেই প্রতিদ্বন্দ্বিতা দুর্বল করা। কারণ শক্ত প্রতিদ্বন্দ্বিতা থাকলে ভোটের দিন কারচুপি ঝুঁকিপূর্ণ। কিন্তু শক্ত প্রার্থীই যদি না থাকে, তাহলে ভোট ‘স্বাভাবিকভাবেই’ একপেশে হয়ে যায়।
এ ধাপে সাধারণত দেখা যায়, মনোনয়নপত্রে ‘টেকনিক্যাল’ ভুল দেখিয়ে বাতিল; পুরনো মামলা সক্রিয় করা; গ্রেফতার বা আইনি হয়রানি; দল ভাঙানো; জনপ্রিয় প্রার্থীকে প্রচার থেকে দূরে রাখা; আর ‘ভোট কাটার’ ডামি প্রার্থী দাঁড় করানো। গ্রামীণ বা উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের নীরব চাপও বড় ভূমিকা রাখে। ফলে বিরোধী শিবিরে মনোবল কমে যায়।
এক রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেন, ‘ভোটের আগেই যদি খেলোয়াড় কমিয়ে দেওয়া যায়, তাহলে ম্যাচ জেতা সহজ।’
দ্বিতীয় ধাপ : প্রশাসনিক প্রভাব-রাষ্ট্রযন্ত্র কার পক্ষে- বাংলাদেশের নির্বাচনে প্রশাসনের ভূমিকা সবসময় বিতর্কের কেন্দ্রবিন্দু। নির্বাচন কমিশন স্বাধীন হলেও মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে জেলা প্রশাসন, পুলিশ ও ম্যাজিস্ট্রেসি। এখানেই ইঞ্জিনিয়ারিংয়ের বড় সুযোগ।
এতে সম্ভাব্য কৌশল : নির্দিষ্ট কর্মকর্তাকে বদলি; ‘অনুগত’ কর্মকর্তাদের পোস্টিং; বিরোধী এলাকায় অতিরিক্ত নিরাপত্তা; মিছিল-মিটিংয়ে অনুমতির জটিলতা; এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা; গোপন নজরদারি বা ভয় দেখানো।
এগুলো প্রকাশ্যে বেআইনি না হলেও ভোটারদের মানসিকভাবে প্রভাবিত করে। ফলাফল হয়: ভোটার উপস্থিতি কমে যায়। গণতন্ত্রে কম টার্নআউটই সবচেয়ে বড় ‘নীরব কারচুপি’।
তৃতীয় ধাপ : প্রচার ও ন্যারেটিভ ডিজিটাল যুগের যুদ্ধ এখনকার নির্বাচন শুধু মাঠে নয়, লড়াই হয় মোবাইল ফোনের স্ক্রিনে। সোশ্যাল মিডিয়া, টিভি টকশো, অনলাইন পোর্টাল সব জায়গায় তথ্যযুদ্ধ।
এই ধাপে দেখা যায়, ভুয়া জরিপ; অপপ্রচার; বিভ্রান্তিকর ভিডিও; প্রতিপক্ষের বিরুদ্ধে গুজব; একপাক্ষিক কভারেজ; ‘ভোট হয়ে গেছে, যাওয়ার দরকার নেই’ ধরনের মেসেজ।
ডিজিটাল প্রচারণার লক্ষ্য একটাই- ভোটারের মনোজগৎ নিয়ন্ত্রণ। যদি মানুষ বিশ্বাস করে তার ভোটে কিছু বদলাবে না, তাহলে সে ভোট দিতে যাবে না। এটিই ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে বড় সাফল্য।
চতুর্থ ধাপ : ভোটের দিন দৃশ্যমান ও অদৃশ্য কারচুপি- ভোটের দিনকে অনেকেই মনে করেন, কারচুপির মূল সময়। বাস্তবে এটি পুরো প্রক্রিয়ার একটি অংশ মাত্র। তবে এই দিনেও নানা কৌশল থাকে: ধীরগতির ভোটগ্রহণ লম্বা লাইন ভোটার ফিরে যাওয়া; এজেন্টদের বের করে দেওয়া; নির্দিষ্ট সময় কেন্দ্রে ‘দখল’; ভুয়া ভোটার ঢোকানো; সহিংসতার গুজব; ভোটারদের ভয় দেখানো।
এগুলো ছোট ছোট কৌশল হলেও মিলিতভাবে বড় প্রভাব ফেলে। কেন্দ্র ফাঁকা থাকলে ফল নিয়ন্ত্রণ সহজ হয়।
পঞ্চম ধাপ : গণনা ও ফলাফল- সবচেয়ে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, সবচেয়ে সংবেদনশীল সময় হলো গণনা। ফলাফল শিট (ফর্ম ৪৫/৪৬), রিটার্নিং অফিসারের কক্ষ, পুনর্গণনা- এসব জায়গায় ছোট পরিবর্তন বড় ফল এনে দিতে পারে।
সম্ভাব্য অভিযোগগুলো : পুনর্গণনায় সংখ্যা বদল; ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব; নির্দিষ্ট আসনে ফল আটকে রাখা; ‘সামান্য ব্যবধানে’ জয়-পরাজয় দেখানো। স্বচ্ছতা না থাকলে সন্দেহ বাড়ে।
বিশেষজ্ঞদের মতে, ‘ফল যত দেরি, আস্থা তত কম।’
১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রেক্ষাপট : কোন ঝুঁকি বেশি?
বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতায় প্রকাশ্য সহিংসতা বা কেন্দ্র দখলের সম্ভাবনা তুলনামূলক কম। কারণ আন্তর্জাতিক নজরদারি ও গণমাধ্যমের উপস্থিতি বেশি।
কিন্তু বাড়তে পারে প্রার্থিতা ছাঁটাই; প্রশাসনিক পক্ষপাত; এজেন্ট সীমাবদ্ধতা; ফল ঘোষণায় বিলম্ব; ডিজিটাল বিভ্রান্তি। অর্থাৎ নীরব, কাঠামোগত, সিস্টেমভিত্তিক ইঞ্জিনিয়ারিং।
বিশেষজ্ঞরা বলছেন, সমাধানও কাঠামোগত হতে হবে। কার্যকর কিছু ব্যবস্থা হতে পারে এমনÑ প্রতিটি কেন্দ্রে লাইভ সিসিটিভি; ফলাফল শিট অনলাইনে তাৎক্ষণিক আপলোড; সব দলের এজেন্টের অবাধ প্রবেশ; শক্তিশালী দেশি-বিদেশি পর্যবেক্ষক; প্রশাসনের র‌্যান্ডম পোস্টিং; সোশ্যাল মিডিয়ায় গুজব প্রতিরোধ টিম; ভোটার শিক্ষা কার্যক্রম।
সবচেয়ে বড় বিষয় উচ্চ ভোটার উপস্থিতি। কারণ বেশি মানুষ ভোট দিলে ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ কমে যায়।
গণতন্ত্র কেবল কমিশন বা আদালতের দায়িত্ব নয়; নাগরিকের অংশগ্রহণই এর প্রাণ। ভোট দিতে যাওয়া; তথ্য যাচাই করা; গুজব ছড়ানো বন্ধ করা; কেন্দ্রে উপস্থিত থাকা; অনিয়ম হলে প্রতিবাদ করা। এসব ছোট পদক্ষেপই বড় সুরক্ষা তৈরি করে।
রহস্যপূর্ণ বদলির নেপথ্যে ব্যালটের হিসাব
এবার ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ডিসি-ইউএনও-পুলিশ রদবদল দিয়ে ‘নীরব ইঞ্জিনিয়ারিং’-এর পথ তৈরি করার গুরুতর অভিযোগ উঠেছে। ২০২৪ সালের ৮ আগস্ট অন্তবর্তী সরকার গঠনের পরপরই জনপ্রশাসন নিয়ন্ত্রণে একটি সুপরিকল্পিত বিন্যাস তৈরি করা হয়। এ সময় জনপ্রশাসনের দায়িত্ব পান আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত একজন কেবিনেট সেক্রেটারি। তিনি জনপ্রশাসনের নিয়ন্ত্রক পদগুলো এমনভাবে বিন্যাস করেন- যাতে সাবেক আমলের আমলারা তাদের পদসমূহে যথাসম্ভব বহাল থাকেন। আর ১৯৮২ ব্যাচের একটি দলের সমর্থক আমলাদের প্রায় সব গুরুত্বপূর্ণ পদে বসানো হয়। আর সরকারের ওপর প্রকাশ্য চাপ প্রয়োগের জন্য একই ব্যাচের একজন দলবাজ কর্মকর্তা বৈষম্যবিরোধী কর্মকর্তাদের অ্যাসোসিয়েশন তৈরি করে নিয়োগ বদলির জন্য প্রকাশ্যে চাপ প্রয়োগ করতে থাকে। এতে প্রশাসন একটি দলের সমর্থক কর্মকর্তা আর সাবেক সরকারের মানসিকতার কর্মকর্তাদের নিয়ন্ত্রণে চলে যায়। আর প্রকাশ্যে রব তুলে সরকার জামায়াতকে বেশি সুবিধা দিচ্ছে। এর মধ্যে জনপ্রশাসনের দায়িত্বে নিয়োজিত বিশেষ সহকারী পদোন্নতি পেয়ে উপদেষ্টা হয়ে অন্য দায়িত্বে চলে যান। কিন্তু প্রশাসনিক বিন্যাস সে রকমই থেকে যায়।
এবারের নির্বাচনের আগে হঠাৎ করে প্রশাসনে বড়োসড়ো রদবদল ঘটনানো হয়। জনপ্রশাসন সচিব এবং যুগ্ম সচিব এপিডি পদে নিয়ে আসা হয় দলবাজ কর্মকর্তাকে। প্রশাসন বিন্যাসের সব নীলনকশা হতে থাকে অফিসার্স ক্লাবের প্রভাবশালী কর্মকর্তার রুমে বসে- যিনি একটি রাজনৈতিক দলের প্রধানের একান্ত সচিব। ১৮টি জেলার জেলা প্রশাসক (ডিসি), অনেক উপজেলায় নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা হয় কেবিনেট সচিবের সম্পূর্ণ অগোচরে। একই ধরনের ঘটনা পুলিশ সুপার (এসপি) ও ওসি বদলি নিয়ে করার পরিকল্পনা বাধার মুখে পড়ে পুলিশের দায়িত্বে থাকা বিশেষ সহকারী এবং বিএনপি আমলে নিয়োগ পাওয়া সাবেক আইজিপির কারণে। বিএনপিপন্থী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত হলেও তিনি অনৈতিক কিছু করতে রাজি হচ্ছিলেন না। শেষ পর্যন্ত এমন রাজনৈতিক চাপ তৈরি করা হয়- যাতে তিনি পদত্যাগ করে চলে যেতে বাধ্য হন। এরপর পুলিশ প্রশাসনে ইচ্ছামতো রদবদলে বড় বাধা আর থাকেনি। এখন বাকি যেটি রয়েছে, তা হলো- পরের নির্বাচনে বাছাই করে নিয়ে আসা জনপ্রশাসন ও পলিশ কর্মকর্তাদের ইঞ্জিনিয়ারিংয়ের বাস্তব কাজে ব্যবহার করা।
কাগজে-কলমে এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। সরকারের ভাষ্য ‘রুটিন ট্রান্সফার’। কিন্তু নির্বাচনের প্রাক্কালে এমন বদলি দেখলেই রাজনৈতিক মহলে একটি প্রশ্ন ঘুরেফিরে আসে, এটি কি কেবল প্রশাসনিক পুনর্বিন্যাস, নাকি নির্বাচনী ‘ইঞ্জিনিয়ারিং’? বাংলাদেশের নির্বাচনী ইতিহাস বলছে, ব্যালট বাক্স দখলের যুগ অনেকটাই পেছনে। এখন ক্ষমতার লড়াই হয় আরও সূক্ষ্ম জায়গায়- পোস্টিং ও ট্রান্সফারের টেবিলে। কারণ নির্বাচন পরিচালনা করে যে রাষ্ট্রযন্ত্র- ডিসি, ইউএনও, পুলিশ, ম্যাজিস্ট্রেট তাদের অবস্থান ও মানসিকতাই অনেক সময় ভোটের ফল নির্ধারণ করে দেয়। বিশ্লেষকদের মতে, ‘আজকের নির্বাচনে যে প্রশাসন নিয়ন্ত্রণ করে, সে-ই মাঠ নিয়ন্ত্রণ করে।’
কেন ডিসি-ইউএনও-পুলিশ এত গুরুত্বপূর্ণ?
নির্বাচনে এই তিন স্তরের কর্মকর্তাই বাস্তবে সবচেয়ে ক্ষমতাবান। ডিসি (জেলা প্রশাসক) রিটার্নিং অফিসার মনোনয়ন যাচাই; আইনশৃঙ্খলা সমন্বয়; ফলাফল ঘোষণা; ইউএনও হন সহকারী রিটার্নিং অফিসার। মাঠপর্যায়ের ভোট ব্যবস্থাপনা; কেন্দ্র স্থাপন; লজিস্টিক নিয়ন্ত্রণ তার হাতে।
পুলিশ/এসপি/ওসি কেন্দ্র নিরাপত্তা, মিছিল-মিটিং নিয়ন্ত্রণ, গ্রেফতার/হয়রানি/প্রবেশ নিয়ন্ত্রণ কাজ করেন। অর্থাৎ এই তিনটি স্তর মিলেই পুরো নির্বাচনী পরিবেশ তৈরি বা ভেঙে দিতে পারে। ফলে প্রশ্ন ওঠে- যদি এই কর্মকর্তাদের নিয়োগই পক্ষপাতদুষ্ট হয়, তাহলে নির্বাচন কতটা নিরপেক্ষ থাকবে?
নির্বাচনের কয়েক মাস বা সপ্তাহ আগে হঠাৎ ব্যাপক বদলি হলে সেটি কেবল রুটিন থাকে না; সেটি হয়ে ওঠে রাজনৈতিক সিগন্যাল। কারণ নতুন কর্মকর্তা স্থানীয় বাস্তবতা জানেন না, কেন্দ্রীয় নির্দেশের ওপর নির্ভরশীল হন, স্থানীয় চাপের বিরুদ্ধে দাঁড়াতে অনিশ্চিত থাকেন, ‘ক্যারিয়ার ঝুঁকি’ এড়াতে নিরাপদ অবস্থান নেন। ফলে অনেক সময় তারা শক্ত অবস্থান না নিয়ে নীরব সমর্থনের পথে হাঁটেন।
এক সাবেক ডিসি বলেন, “নির্বাচনের আগে বদলি মানে কর্মকর্তাকে ‘জবংবঃ’ করা। তিনি জানেন, তার ভবিষ্যৎ পোস্টিং নির্ভর করছে কাকে খুশি রাখবেন তার ওপর।”
কীভাবে ঘটে ‘ট্রান্সফার ইঞ্জিনিয়ারিং’?
বিশেষজ্ঞরা এটিকে বলেন, ‘ট্রান্সফার ইঞ্জিনিয়ারিং’ অর্থাৎ পোস্টিং দিয়েই ফলাফল প্রভাবিত করা। এটি কয়েকভাবে কাজ করে। যেমন :
১. ‘বিশ্বস্ত’ কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ জেলায় বসানো : যেখানে প্রতিদ্বন্দ্বিতা বেশি বা ফল ঘুরতে পারে, সেখানে আস্থাভাজন কর্মকর্তা।
২. নিরপেক্ষ বা কঠোর কর্মকর্তাকে সরিয়ে দেওয়া: যারা আইন কঠোরভাবে মানেন, তাদের ‘কম গুরুত্বপূর্ণ’ জায়গায় পাঠানো।
৩. বিরোধী ঘাঁটিতে কড়া প্রশাসন: বেশি পুলিশ, বেশি নজরদারি, ভোটার ভীতি।
৪. নির্বাচনী আচরণবিধি প্রয়োগে বৈষম্য : এক দলের পোস্টার নামানো, অন্য দলের উপেক্ষা।
৫. এজেন্ট ও পর্যবেক্ষক নিয়ন্ত্রণ : কেন্দ্রে প্রবেশে অজুহাত তৈরি।
এসব পদক্ষেপ আইনের ভেতর থেকেই করা যায়, তাই প্রমাণ করাও কঠিন।
‘নীরব দমননীতি’ : কীভাবে কমে যায় ভোটার উপস্থিতি
নির্বাচনে সবচেয়ে বড় কারচুপি হয় যখন মানুষ ভোট দিতেই যায় না। প্রশাসনিক ইঞ্জিনিয়ারিংয়ের মূল লক্ষ্য অনেক সময় এটাই টার্নআউট কমানো। উদাহরণ কেন্দ্রে যেতে অতিরিক্ত চেকিং; পুলিশি জেরা; গ্রেফতারের গুজব; সহিংসতার ভয়; ধীর ভোটগ্রহণ। ফলে সাধারণ ভোটার ভাবে: ‘ভোট না দিলেই ভালো।’
এই মানসিক প্রভাব ব্যালট বাক্স ভরার চেয়েও শক্তিশালী।
বাংলাদেশের কয়েকটি বিতর্কিত নির্বাচনে প্রায় একই অভিযোগ উঠেছে, ভোটের আগে ব্যাপক ডিসি-এসপি বদলি; মনোনয়ন বাতিলে পক্ষপাত; বিরোধী এজেন্টদের বের করে দেওয়া; ফল ঘোষণায় বিলম্ব।
রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, প্রকাশ্য জালিয়াতি কমেছে, কিন্তু প্রশাসনিক নিয়ন্ত্রণ বেড়েছে। অর্থাৎ এখন কারচুপি আরও পরিশীলিত হয়েছে।
বর্তমান প্রেক্ষাপটে বড় সহিংসতা বা কেন্দ্র দখলের সম্ভাবনা কম। কিন্তু যদি দেখা যায়, হঠাৎ ব্যাপক বদলি; নির্বাচনের ঠিক আগে নতুন ডিসি/এসপি; বিরোধী এলাকায় কঠোর প্রশাসন; এজেন্ট বাধা, তাহলে সেটি ‘নীরব ইঞ্জিনিয়ারিং’-এর ইঙ্গিত হতে পারে। কারণ ফলাফল নিয়ন্ত্রণের সবচেয়ে নিরাপদ উপায় এখন ‘মানুষ ও প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ’, ব্যালট নয়। এর অনেক কিছু এখন দৃশ্যমান হচ্ছে।
সমাধান কী : আস্থাটাই জরুরি
বিশেষজ্ঞরা কয়েকটি প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলছেন। জরুরি পদক্ষেপ নির্বাচনকালে বদলি স্থগিত, কমিশনের অনুমতি ছাড়া পোস্টিং নয়, র‌্যান্ডমাইজড পোস্টিং (লটারি পদ্ধতি), পর্যবেক্ষকদের স্বাধীন প্রবেশ, ফলাফল তাৎক্ষণিক প্রকাশ, কেন্দ্রভিত্তিক স্বচ্ছতা। সমস্যা হলো- এর মধ্যে নিয়োগ বদলি করে একটি বিন্যাস তৈরি করা হয়েছে। আর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব ও কার অধীনস্থ কিছু কর্মকর্তা প্রকৌশল প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়ার অভিযোগ উঠতে শুরু করেছে। গণমাধ্যম কর্মী ও নির্বাচনী পর্যবেক্ষকদের জন্য পর্যবেক্ষণ কাজকে জটিল করে তোলার সাম্প্রতিক বিষয়টি এর উদাহরণ হিসেবে আনা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনারের অগোচরেই এটি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা। নাগরিকের ভূমিকা থাকবে, প্রশাসন শক্তিশালী, কিন্তু ভোটার হবে আরও শক্তিশালী। কেন্দ্রে উপস্থিতি বাড়বে, অনিয়ম রিপোর্ট হবে, গুজব যাচাই করা হবে, মিডিয়ার নজরদারি চলবে। এসব মিলেই ইঞ্জিনিয়ারিং ব্যর্থ করা যায়। কারণ বেশি ভোটার মানে কম কারসাজি।
শেষ কথা হলো- নির্বাচন কেবল রাজনৈতিক দলের লড়াই নয়; এটি রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতার পরীক্ষা। যদি মানুষ বিশ্বাস করে, প্রশাসন নিরপেক্ষ নয়, তাহলে ভোটের ফল যতই গ্রহণযোগ্য দেখাক, গণতন্ত্র ততই দুর্বল হয়। ডিসি-ইউএনও-পুলিশের বদলি তাই কেবল ফাইলের নোট নয়- এটি ব্যালটের ভবিষ্যৎ।
১২ ফেব্রুয়ারির নির্বাচন তাই ঠিক করবে- প্রশাসন কি জনগণের সেবক থাকবে, নাকি ক্ষমতার ইঞ্জিনিয়ার? কারণ শেষ পর্যন্ত গণতন্ত্র টিকে থাকে ব্যালটে, কিন্তু সেই ব্যালট সুরক্ষিত রাখে প্রশাসনের সততা।
নির্বাচন কেবল আসন জয়ের খেলা নয়; এটি রাষ্ট্রের প্রতি মানুষের আস্থার পরীক্ষা। যদি মানুষ বিশ্বাস হারায়, তাহলে গণতন্ত্রের কাঠামো টিকে থাকলেও আস্থা হারায়। ১২ ফেব্রুয়ারির নির্বাচন তাই শুধু রাজনৈতিক দলগুলোর নয়, এটি রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতারও পরীক্ষা।
শেষ পর্যন্ত প্রশ্নটি থেকে যায়- এই ভোট কি জনগণের ইচ্ছার প্রতিফলন হবে, নাকি নিঃশব্দ ইঞ্জিনিয়ারিংয়ের ফল? এর উত্তর নির্ভর করছে কতটা স্বচ্ছতা নিশ্চিত করা যায়, আর কতটা সচেতন থাকে জনগণ। কারণ ব্যালটের শক্তি তখনই কাজ করে, যখন সেটি সত্যিই মানুষের হাতে থাকে কোনো অদৃশ্য ‘ব্লুপ্রিন্ট’-এর নয়।

বাংলা সাহিত্যে রোজা
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৬

আল মাহমুদের গল্পে প্রেম ও প্রকৃতি
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৫

প্রেরণার বাতিঘর : আল মাহমুদ
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৪

বাবারা এমনই হয়
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৩