ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট পুনরায় চালুর জোরালো আহ্বান এহসানুল মাহবুব জুবায়েরের
১৬ জানুয়ারি ২০২৬ ০৮:০৪
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানচেস্টার-সিলেট রুটে ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ১৫ জানুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “ম্যানচেস্টার-সিলেট রুটটি কেবল একটি বাণিজ্যিক ফ্লাইট নয়, এটি যুক্তরাজ্যের নর্থ ওয়েস্ট অঞ্চলে বসবাসরত লাখো সিলেটি ও বাংলাদেশি প্রবাসীর জন্য একটি লাইফলাইন। কোনো স্বচ্ছ ও গ্রহণযোগ্য ব্যাখ্যা ছাড়া এই রুট হঠাৎ বন্ধ করে দেওয়া অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। আমি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে জনবান্ধব রুটটি পুনরায় চালুর আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, এই রুট বন্ধের ঘোষণাকে কেন্দ্র করে গ্রেটার ম্যানচেস্টার ও নর্থ ওয়েস্ট অঞ্চলের আটজন ব্রিটিশ এমপি একজোট হয়ে বিমান বাংলাদেশের সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন-যা এই ইস্যুর গুরুত্ব ও গভীরতা স্পষ্ট করে। সে দেশের সংসদ সদস্যদের ইতিবাচক হস্তক্ষেপ প্রমাণ করে যে, বিষয়টি নিছক ব্যবসায়িক নয়; বরং মানবিক ও সামাজিক গুরুত্ব বহন করে।
এডভোকেট জুবায়ের বলেন, যেখানে এই রুটে সব সময় শতভাগ যাত্রী পূর্ণ থাকে, সেখানে এটিকে অলাভজনক দেখানোর অপচেষ্টা সন্দেহজনক। সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে যে ‘সাবোটাজ’ বা অন্তর্ঘাতের অভিযোগ উঠেছে, তা নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি। কোনো বিশেষ গোষ্ঠী বা বিদেশি এয়ারলাইন্সকে সুবিধা দিতে জাতীয় পতাকাবাহী সংস্থার স্বার্থ ক্ষুণ্ন করা হলে তা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ফ্লাইট বন্ধের ফলে হাজারো প্রবাসী বাংলাদেশি চরম ভোগান্তিতে পড়েছেন। আমরা মনে করি, প্রবাসীদের স্বার্থ রক্ষা করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। সরকারের সংশ্লিষ্ট মহল, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ডকে এই বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে।
তিনি আরও বলেন, আমি ম্যানচেস্টার-সিলেট রুট অব্যাহত রাখার পক্ষে সুস্পষ্ট আহ্বান জানাচ্ছি। আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি-এই রুট বন্ধের সিদ্ধান্ত বাতিল করে দ্রুত ফ্লাইট পুনরায় চালু করা হোক এবং ভবিষ্যতে প্রবাসী জনগোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে পরামর্শ করা হোক।”